
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় বিজিবির দ্রুত ও কঠোর প্রতিক্রিয়ায় সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় হঠাৎ গুলিবর্ষণ শুরু করে Border Security Force (বিএসএফ)। কোনো ধরনের পূর্ব উসকানি ছাড়াই এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পরপরই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান থেকে দ্রুত পাল্টা ফায়ার করে পরিস্থিতির মোকাবিলা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সদস্যরা সর্বদা প্রস্তুত ছিলেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ায় ভারতীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করেছে বিজিবি।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।