গাইবান্ধায় স্ত্রীর করা যৌতুক মামলায় ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ মার্চ গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মৃত ছামছুল হকের ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের নজরুল ইসলামের মেয়ে লাবনী আক্তার ইতির বিয়ে হয়। বিয়ের চার মাস ১৯ দিন পর শাহজাহান মিয়া পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ ওঠে। দাবিকৃত যৌতুক দিতে না পারায় অন্তঃসত্ত্বা অবস্থায় একই বছরের ২৪ জুলাই ইতিকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সে সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী। তবে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত মানেননি ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
পরবর্তীতে ২০২২ সালের ১ আগস্ট লাবনী আক্তার ইতি বাদী হয়ে গাইবান্ধা সদর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ছিল সিআর ৫৩৩/২২। দীর্ঘ প্রায় চার বছর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে যৌতুক দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন।