নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ১ জুলাই ২০২৬ , ১১:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য স্বস্তির খবর এসেছে।
কর্মীদের ওয়ার্ক পারমিট (Work Permit) নবায়ন এবং প্রয়োজনীয় কাগজপত্র বৈধ করার সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের ফলে হাজারো প্রবাসী এবং তাদের নিয়োগকর্তারা নতুন করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পাবেন।

ডিজিটাল শ্রমসেবা প্ল্যাটফর্ম‘কুওয়া’(Qiwa) জানিয়েছে, পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ৩০ জুনের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন অথবা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিল। তবে নিয়োগকর্তা ও ব্যবসায়ীদের অনুরোধ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার মেয়াদ কমপক্ষে ১৮০ দিন অবশিষ্ট থাকতে হবে। যদি ইকামার মেয়াদ এর চেয়ে কম থাকে, তাহলে ইকামা ও ওয়ার্ক পারমিট একসঙ্গে নবায়ন করা বাধ্যতামূলক। এছাড়া বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কর্মীকে কাজে নিয়োজিত রাখা যাবে না। প্রয়োজনীয় সরকারি ফি এবং বকেয়া পরিশোধের দায়িত্বও সংশ্লিষ্ট নিয়োগকর্তার ওপরই থাকবে।
যেসব প্রবাসী এই সুযোগ পাবেন
১.যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়েছে।
২.যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে বিপুলসংখ্যক প্রবাসী কর্মী ও নিয়োগকর্তা তাদের কাগজপত্র নিয়ম অনুযায়ী হালনাগাদ করেছেন। এতে দেশটির শ্রমবাজারে আইন ও বিধিমালা অনুসরণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই ইতিবাচক সাড়া বিবেচনায় নিয়েই পরিস্থিতি নিয়মতান্ত্রিকভাবে সংশোধনের জন্য আরও একটি চূড়ান্ত সুযোগ দেওয়া হয়েছে। নতুন সময়সীমার মধ্যে নিয়োগকর্তারা অতিরিক্ত জরিমানা কিংবা আইনি জটিলতা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের নথিপত্র বৈধ করতে পারবেন।
তবে সৌদি শ্রম মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সময় বাড়ানো হলেও এটিকে অবহেলার সুযোগ হিসেবে দেখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও কর্মীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





