জাতীয়

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল ইন্তেকাল করেছেন

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ জুলাই ২০২৬ , ৫:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

শাহেদ কামাল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সহকর্মী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন শাহেদ কামাল। নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর শুক্রবার (৩ জুলাই) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

প্রয়াত শাহেদ কামাল ছিলেন দেশের প্রখ্যাত কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠ পুত্র। ১৯৫৭ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন।

শনিবার রাত ৯টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত কবি সুফিয়া কামালের বাসভবন ‘সাঁঝের মায়া’য় নেওয়া হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে মা কবি সুফিয়া কামালের কবরের পাশেই তাকে দাফন করা হবে।

আরও খবর

Sponsered content