নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ জুলাই ২০২৬ , ৭:৩২:৪৪ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভাসমান নারীকে ধর্ষণের অভিযোগে ল্যাংরা খোকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পার্শ্ববর্তী বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। রাত হলে তিনি বাজারের বিভিন্ন দোকানের সামনে কিংবা ফুটপাতে অবস্থান করে রাত কাটাতেন।
সম্প্রতি তিনি বিজয়পুর বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রয়েছে, গভীর রাতে দুর্গাপুর গ্রামের ল্যাংরা খোকন ওরফে জুয়ারি খোকন ওই নারীর ওপর যৌন নির্যাতন চালান।
শনিবার সকালে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক দল। পরে সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের দাবি, ল্যাংরা খোকন দীর্ঘদিন ধরে জুয়া পরিচালনা, নারীসংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িত। তাদের অভিযোগ, একটি রাজনৈতিক মহলের আশ্রয়-প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর পরিচালনাসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন।
এদিকে পুলিশ শিকারপুর এলাকা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে। চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।









