নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ আগস্ট ২০২৬ , ১০:৫১:৫৪ প্রিন্ট সংস্করণ
শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। তিনি বলেন, শহীদদের রক্তের ঋণের যথাযথ সম্মান নিশ্চিত করতে দেশের অর্জিত গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার বিকল্প নেই।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে সুসংহত করা যাবে। এ লক্ষ্যে সরকার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, পুলিশ প্রশাসনের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আরও কয়েকটি স্মারক আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

















