স্বাস্থ্য

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টি অন্তর্ভুক্তির আহ্বান বিশেষজ্ঞদের

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ আগস্ট ২০২৬ , ৩:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টি কার্যক্রম একীভূতকরণ নিয়ে জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে পুষ্টি কার্যক্রমকে সমন্বিত করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশের পুষ্টি সংকট মোকাবিলা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পুষ্টিকে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে সরকারি-বেসরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পুষ্টি কার্যক্রম একীভূতকরণ’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ সাইকা সিরাজ এবং সভাপতিত্ব করেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ড. এটিএম তারিকুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে পুষ্টি উন্নয়নে নীতিগত অগ্রগতি থাকলেও সেবার কার্যকর বাস্তবায়নে এখনও সমন্বয়ের ঘাটতি রয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি নেতৃত্ব জোরদার, মাতৃ ও শিশুপুষ্টিকে অগ্রাধিকার, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট সব খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবার মূলধারায় পুষ্টি কার্যক্রমকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content