অর্থনীতি

দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে কৃষকদের স্বাবলম্বী করছে সরকার: টুকু

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ জুলাই ২০২৬ , ৮:৩০:৫০ প্রিন্ট সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরে নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবনের উদ্বোধন এবং উপকারভোগীদের মধ্যে মহিষ ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের পোল্ট্রি শিল্পের বিকাশ ও খামারিদের স্বার্থ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খামারিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সংসদেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, সরকারের এ কর্মসূচির আওতায় ১০ জন প্রান্তিক উদ্যোক্তার মধ্যে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যের মধ্যে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। শুধু প্রাণী বিতরণই নয়, প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি খাদ্য, প্রয়োজনীয় ভিটামিন ও ওষুধও দেওয়া হয়েছে, যাতে উপকারভোগীরা সহজেই খামার ব্যবস্থাপনা শুরু করতে পারেন।

সুলতান সালাউদ্দিন টুকু আশা প্রকাশ করে বলেন, এ ধরনের সহায়তা প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং অসচ্ছল পরিবারের জন্য টেকসই আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামছুন্নাহার আহম্মদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান।

আরও খবর

Sponsered content