নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৫ আগস্ট ২০২৬ , ৬:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
‘দেশের ক্ষতি হতে দেব না, নীরব দর্শক হয়ে থাকব না’: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থবিরোধী পরিস্থিতি তৈরি হলে তাদের দল নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। তিনি দেশবাসীকে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে দেশে আরেকটি বড় রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি জনগণকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একসময় অনিবার্য হয়ে ওঠে। তার ভাষ্য, সময়ের ব্যবধানে সেই অন্যায়ের ফল প্রকাশ পায়। সরকার যদি বর্তমান বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে তাদের পরিণতি ঠেকানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন, অতীতে যেসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষ আন্দোলন করেছিল, বর্তমানেও সেসব আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করলে জনগণও তার প্রতিদান দেয়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, দেশে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন বা আচরণ গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণরায়কে সম্মান জানানো উচিত। ইতিহাসের উদাহরণ টেনে তিনি দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো শক্তিই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্নভাবে সমঝোতার জন্য চাপ ও প্রলোভন দেওয়া হলেও তারা জনগণের দেওয়া দায়িত্ব থেকে সরে আসবেন না। তার দাবি, গণরায়ের সুরক্ষায় তারা অটল থাকবেন এবং প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নত হতে দেওয়া হবে না। তার ভাষায়, ফ্যাসিবাদমুক্ত, মানবিক, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।

















