নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ১৪ জুন ২০২৬ , ৪:৪৫:৪৭ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।

রোববার (১৪ জুন) ভোরে দর্শনা সীমান্তের ৭৬ ও ৭৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর প্রায় ৫টার দিকে ভারতের নদীয়া জেলার গেদে ও আশপাশের এলাকা থেকে বিএসএফ সদস্যরা ১১ জন বাংলাভাষীকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়।
তিনি বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় পুশইনের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় রেখে চলে যায় বিএসএফ সদস্যরা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরবেলায় যখন অনেক মানুষ বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ব্যস্ত ছিলেন, তখন পরিস্থিতির সুযোগ নেওয়ার উদ্দেশ্যে এই প্রচেষ্টা চালানো হয়। তবে বিজিবির সদস্যরা আগে থেকেই সতর্ক থাকায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় পুনরায় ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

















