নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৯ মে ২০২৬ , ৭:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনন্দময় মুহূর্ত হঠাৎই শোকাবহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সঙ্গে সকালের খাবার গ্রহণের সময় গলায় কোরবানির মাংস আটকে গুরুতর অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি নামের ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর কন্যা এবং সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে আনন্দঘন পরিবেশে পরিবারের সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। এ সময় হঠাৎ করে খাবারের সঙ্গে মাংসের একটি টুকরো আঁখির গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।
ঈদের মতো আনন্দঘন উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো লোকনাথপুর এলাকা ও নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

















