অন্যান্য

বিশ্ব এলপিজি দিবস ২০২৬ পালন করল ফ্রেশ এলপি গ্যাস

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৮ জুন ২০২৬ , ৫:০৭:০১ প্রিন্ট সংস্করণ

নিরাপদ, নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব জ্বালানি দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ পালন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

দিবসটি উপলক্ষে রোববার (৭ জুন) মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর প্রধান কার্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক তানভীর মোস্তফা।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব এলপিজি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব অপরিসীম। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস শুধু নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণেই কাজ করছে না, বরং একটি সবুজ, টেকসই ও পরিবেশসম্মত ভবিষ্যৎ নির্মাণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

এ বছর বিশ্বব্যাপী “LPG: Pass it Forward” বা “এলপিজির সুফল ছড়িয়ে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও টেকসই পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে এলপিজির অবদান তুলে ধরতেই এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

দিবসকে কেন্দ্র করে ফ্রেশ এলপি গ্যাস দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছে। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চারটি এলপিজি প্ল্যান্ট এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে গাছ লাগানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশকেরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে বৃক্ষরোপণ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে একটি অনলাইন সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।

এছাড়া বাসার ছাদ, বারান্দা বা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি কিংবা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআই-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

উল্লেখ্য, ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস বর্তমানে দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।