নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২১ জুন ২০২৬ , ১১:২৫:৫০ প্রিন্ট সংস্করণ
বিচার বিভাগের বিদ্যমান নানা সীমাবদ্ধতা অতিক্রম করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ঢাকা বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া এক অভিভাষণে তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বাড়ানো, অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল বিচারব্যবস্থা সম্প্রসারণ, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা, দেশ-বিদেশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার চালু এবং বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিচার বিভাগের নানা বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। তারা বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের বাজেট বৃদ্ধি, জরুরি ভিত্তিতে এজলাস, খাসকামরা, রেকর্ড রুম, মালখানা ও আবাসনসংকট দূরীকরণে অবকাঠামোগত উন্নয়ন, আদালত ও বিচারকদের নিরাপত্তা জোরদার, ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন। তিনি তার বক্তব্যে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা এবং এসব কার্যক্রম বাস্তবায়নে বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

















