নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ১৯ মে ২০২৬ , ৬:২৮:৫৫ প্রিন্ট সংস্করণ
সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন হার্ডওয়্যারভিত্তিক একটি ডিভাইস উন্মোচন করেছে যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থা। ‘সাইলেন্টগ্লাস’ নামের এই প্রযুক্তিপণ্য ইতোমধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।

যুক্তরাজ্যের গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) তাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)-এর মাধ্যমে ডিভাইসটি চালু করে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এটি ডিসপ্লে ও কম্পিউটারের মধ্যে আদান-প্রদান হওয়া সন্দেহজনক কিংবা ক্ষতিকর ট্রাফিক শনাক্ত করে তা প্রতিরোধ করতে সক্ষম। সরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা প্লাগ-অ্যান্ড-প্লে প্রযুক্তিটির ইতোমধ্যে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের অনুমোদন’ মিলেছে।
ডিভাইসটির নকশা ও প্রযুক্তিগত লাইসেন্স পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গোল্ডিলক ল্যাবস। প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তি তৈরিতে বিশেষজ্ঞ, যা সাইবার হামলার আশঙ্কা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ভৌত সংযোগ বিচ্ছিন্ন করে নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারে। বৈশ্বিক বাজারে পণ্যটি সহজলভ্য করতে তারা সনি ইউকে টেকনোলজি সেন্টারের সঙ্গে অংশীদারত্বও করেছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো এটি উন্মুক্ত করা হয়নি।
সাইলেন্টগ্লাস প্রচলিত অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো নয়; এটি সরাসরি হার্ডওয়্যার স্তরে নিরাপত্তা নিশ্চিত করে। কম্পিউটার ও মনিটরের মাঝখানে সংযুক্ত হয়ে এইচডিএমআই ও ডিসপ্লে পোর্টের মাধ্যমে প্রবেশ করা ক্ষতিকর ট্রাফিক আটকে দিতে পারে ডিভাইসটি।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অনেকেই মনে করেন ই-মেইল, ফাইল বা ওয়েবসাইটই সাইবার হামলার প্রধান মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে হার্ডওয়্যার সংযোগও হ্যাকিংয়ের ঝুঁকিপূর্ণ একটি পথ হিসেবে সামনে আসছে। আধুনিক মনিটর ও ডিসপ্লে সিস্টেমে ব্যবহৃত ফার্মওয়্যার, ইউএসবি হাব এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের অপব্যবহার করে হামলা চালানোর সুযোগ পাচ্ছে হ্যাকাররা।
বিশেষজ্ঞদের মতে, মনিটর সরাসরি গুরুত্বপূর্ণ সিস্টেম ও সংবেদনশীল তথ্যের সঙ্গে সংযুক্ত থাকায় এগুলো এখন সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
সাইলেন্টগ্লাস অননুমোদিত ও অপ্রত্যাশিত যোগাযোগ বন্ধ করে ডিসপ্লে এবং কম্পিউটারের মধ্যে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর তৈরি করে। জটিল কোনো সেটআপ ছাড়াই ব্যবহারকারীরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন।
বাহ্যিকভাবে এটি সাধারণ একটি অ্যাডাপ্টারের মতো দেখালেও এর ভেতরের প্রযুক্তি হার্ডওয়্যার নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। মূলত এটি ডিসপ্লে সংযোগের জন্য একটি ‘ডেটা ফায়ারওয়াল’ হিসেবে কাজ করে। মনিটর ও কম্পিউটারের মধ্যে কোন ধরনের ট্রাফিক আদান-প্রদান হবে, তা নিয়ন্ত্রণ ও ফিল্টার করার সক্ষমতা রয়েছে ডিভাইসটির।
সূত্র: থমাস হার্ডওয়্যার ডটকম ও ইনফো সিকিউরিটি ম্যাগাজিন।





