খেলা

নারী অতিথিদের গোপনে ভিডিও ধারণ: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার গ্রেপ্তার

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৭:৫৮:২৩ প্রিন্ট সংস্করণ

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে হোটেলের বাথরুমে অবস্থানরত নারী অতিথিদের গোপনে ভিডিও ধারণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলম্বোর নারাহেনপিতা থানা পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করা হয়।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত কয়েকজন নারী অতিথি অভিযোগ করেন যে, তারা বাথরুমে থাকাকালে গোপনে ভিডিও ধারণ করা হচ্ছিল। তাদের দাবি, মোবাইল ফোন ব্যবহার করে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে আটক করে।

শ্রীলঙ্কা পুলিশ বর্তমানে তদন্ত করছে, ধারণকৃত ভিডিওগুলো কোনো পর্নোগ্রাফিক ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত জামিন দিলেও তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা বা অন্য কোনো শর্ত আরোপ করা হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।

এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। উল্লেখ্য, বোর্ডটি বর্তমানে প্রশাসনিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটিকে সরিয়ে সম্প্রতি সরকার একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। এমন পরিস্থিতির মধ্যেই বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বিরুদ্ধে এই অনৈতিক আচরণের অভিযোগ লঙ্কান ক্রিকেটের ভাবমূর্তিকে আরও চাপে ফেলেছে।

আরও খবর

Sponsered content