সারাদেশ

স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির অভিযোগ ও ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বরিশালে কাঁচাবাজারে ধর্মঘট

  নির্ভীক কন্ঠ:ডিজিটাল ডেক্স ২২ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০৯:০৩ প্রিন্ট সংস্করণ

ব্যবসায়ীদের কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির অভিযোগ এবং এক আড়তদারের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বৃহত্তর পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ভাটারখাল এলাকার বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

হামলার শিকার ব্যবসায়ী ও বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের আড়তদার মো. শাহ আলম মিয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় আড়তদার ও কর্মচারীদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শাহ আলম মিয়ার অভিযোগ, কাঁচাবাজারের সামনের সড়ক দখল করে ব্যবসা করা ফড়িয়াদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন স্থানীয় ভাটারখাল এলাকার বাসিন্দা মামুন ও তাঁর ছেলে মুন্না। এ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

তিনি বলেন, রোববার সকালে কাঁচাবাজারের ফড়িয়াদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলা হলে মামুন ও মুন্না ক্ষুব্ধ হন। পরে সকাল ১১টার দিকে বহিরাগত লোকজন নিয়ে এসে বাজারের সবচেয়ে পুরোনো ব্যবসায়ী শাহ আলম বাণিজ্যালয়ের মালিক শাহ আলম মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়।

এর প্রতিবাদে দুপুরে কাঁচাবাজারের আড়তদাররা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে হামলাকারীদের বিচার এবং বাজারে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ২২ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার ধর্মঘট পালন করা হয়।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন বেপারী। তিনি বলেন, ‘আমি চাঁদাবাজি করি—এমন অভিযোগ কোনো আড়তদার বলতে পারবেন না। আড়তদার শাহ আলমকে আমি কিংবা আমার কোনো লোক মারধর করেনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

মামুন বেপারী আরও বলেন, ৫ আগস্টের আগে ওই এলাকায় ব্যাপক চাঁদাবাজি হতো। তিনি তা বন্ধ করেছেন। সম্প্রতি সাব্বির নামের এক ফড়িয়াকে মারধরের ঘটনা ঘটে। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়। পরে তিনি ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনেন। তাঁর দাবি, এটিকেই তাঁর বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে।

বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, ব্যবসায়ীর দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি বাবুল আকনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, কয়েকজন ব্যবসায়ী নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং পুলিশ তাদের পাশে রয়েছে।

এদিকে সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হামলাকারীরা বাজারসংলগ্ন ভাটারখাল বস্তিতে মাদক বিক্রির মদদদাতা।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ কাঁচাবাজারে প্রায় ৮০ জন আড়তদার ও ৫০০ শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content