নির্ভীক কন্ঠ:ডিজিটাল রিপোর্ট ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৪৪:০৭ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলে ছোরমান রেজা (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ছোরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
নিহতের ভাই হালিম রেজা জানান, ব্যবসার পাশাপাশি ছোরমান একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারছেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, দুপুরে দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










