রাজনীতি

রক্তের দাগ শুকাতে না শুকাতেই নতুন ষড়যন্ত্র শুরু করেছে ফ্যাসিবাদী গোষ্ঠী: টুকু

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২১ জুন ২০২৬ , ৯:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত।

এখনো রক্তের দাগ শুকায়নি, এরই মধ্যে ফ্যাসিবাদী চক্র নতুন করে ষড়যন্ত্রে নেমেছে এবং দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর ভাষ্য, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।

শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্মরণে আয়োজিত শোকসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছে, ঠিক তেমনিভাবে ভবিষ্যতেও রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে চায়নি এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। তবে তারা ভুলে যাচ্ছে, বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের মধ্যে প্রোথিত। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে গড়ে ওঠা একটি দলকে জনবিচ্ছিন্ন কোনো গোষ্ঠীর পক্ষে ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় জনগণের পক্ষে কথা বলায় দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়ে থাকে। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার চেষ্টা অতীতেও হয়েছে, বর্তমানেও চলছে। কিন্তু শেষ পর্যন্ত জনগণেরই জয় হয় এবং জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত হবে।

রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে। সেই সময়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অসংখ্য নেতাকর্মী দীর্ঘ সময় ধরে মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content