নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৪ জুলাই ২০২৬ , ৯:১৩:৩২ প্রিন্ট সংস্করণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতেই এই স্মারক প্রদান করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। পরে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, এদিন প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই স্মৃতি পরিবারের সব সদস্যের জন্য পৃথকভাবে স্মারক সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী এসব স্মৃতি স্মারক পর্যায়ক্রমে প্রতিটি শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে পৌঁছে দেওয়া হবে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

















