জাতীয়

বাংলাদেশের নতুন বিমান চেয়ারম্যান রুমি এ হোসেন

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ , ৪:০৩:৪৫ প্রিন্ট সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শেখ বশিরউদ্দীন। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী ব্যক্তিত্ব। শেখ বশিরউদ্দিনের পদত্যাগের পর দীর্ঘদিন ধরে পদটি শূন্য ছিল।

সংস্থাটির পরিচালনা পর্ষদে বর্তমানে রয়েছেন—অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।

আরও খবর

Sponsered content