প্রতিনিধি ২ মে ২০২৬ , ৭:২০:৫৮ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আকস্মিক এক অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র্যাব।

শনিবার (২ মে) দুপুরে এই মাদক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাব-৬, সিপিসি-২ এর একটি বিশেষ দল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে অভিযানের সময় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদকগুলো অত্যন্ত উচ্চমানের ও দামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে। পরে উদ্ধার হওয়া আলামত আইনগত কার্যক্রমের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







