বিনোদন

আলমগীর’ আজীবন সম্মাননায়, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ , ৭:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল এই আয়োজনের ২৭তম আসর।

এবারের আয়োজনে বরেণ্য অভিনেতা আলমগীরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। পাশাপাশি সংগীত জগতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান রকস্টার মাহফুজ আনাম জেমস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

২০২৫ সালে নিজেদের কাজের স্বীকৃতি হিসেবে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি সমালোচক (ক্রিটিক) ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোট এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতেই বিজয়ীদের নির্বাচন করা হয়। দর্শক ও জুরিদের বিচারে এ বছরের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা। নবীন শিল্পীদের মধ্যে সেরা অভিনয়শিল্পী হিসেবে সম্মান অর্জন করেন শাম্মি ইসলাম নীলা।

১৯৯৯ সালে শুরু হওয়া এই আয়োজন এখন দেশের বিনোদন জগতের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে পরিণত হয়েছে। স্কয়ার টয়লেট্রিজ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও শিল্পকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।

আরও খবর

Sponsered content