স্বাস্থ্য

দেশে পৌঁছাল ১৫ লাখ ডোজ হাম রোগের ভ্যাকসিন

  প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৫:০৫:৫২ প্রিন্ট সংস্করণ

দেশে ১৫ লাখ ডোজ হাম প্রতিরোধী টিকা এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ উপস্থিত থেকে তিনি টিকার চালান গ্রহণ করেন।

মন্ত্রী জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার একটি নতুন চালান দেশে এসেছে। বেলা প্রায় পৌনে ১২টার দিকে এসব টিকা বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আনা হয়েছে। পাশাপাশি, নিয়মিত মজুদের কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহৃত হওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছিল।

হাম, রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি এ চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডসহ অন্যান্য টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না। মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনতে সক্ষম হয়ে সরকার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

আরও খবর

Sponsered content