জাতীয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৬ জুন ২০২৬ , ৪:৪৩:১৬ প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের মর্মান্তিক মৃত্যু এবং বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে বাংলাদেশ গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, যারা এই দুর্যোগে নিজেদের স্বজন হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন ও দুঃসময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি ও সহমর্মিতা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সব ধরনের নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। তিনি ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য এই সংকট কাটিয়ে ওঠার শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে যথাক্রমে ৭.১ ও ৭.৫। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া আহতদের অনেকের অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের অনেকেই পথেই অথবা হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন।

আরও খবর

Sponsered content