আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পাঠানো নতুন প্রস্তাবে ইরানের অবস্থান কী

  প্রতিনিধি ২ মে ২০২৬ , ৮:১২:৩৪ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২ মে) বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সম্ভাব্য একটি সমঝোতার পথ সুগম করতেই পারমাণবিক ইস্যুকে আলোচনার শেষ দিকে রাখা হয়েছে। তার ভাষায়, “জটিল বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করলে অনুকূল পরিবেশ তৈরি করা সহজ হয়।”

প্রস্তাবে আরও বলা হয়েছে, চলমান সংঘাত বন্ধে শক্তিশালী গ্যারান্টি থাকতে হবে—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দেবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে দেশটিকে ‘বিশ্বখেকো’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো জরুরি।

শনিবার ইসনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের প্রতি বিদেশিদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, যা আমাদের ইতিহাস ও পরিচয়ের অংশ।”

তিনি আরও বলেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও খবর

Sponsered content