সারাদেশ

ভাগ্নেকে বাঁচাতে ছুটে গেলেন মামা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুইজন

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ১৫ মে ২০২৬ , ৭:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

ফুলপুর থানা, ময়মনসিংহ।

বিদ্যুৎস্পৃষ্ট ভাগ্নেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামারও, নিহত ২

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নেসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। স্থানীয়রা জানান, সম্পর্কে তারা মামা-ভাগ্নে ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার খড়ের নিচে চাপা পড়ে ছিল। বিষয়টি সম্পর্কে তিনি অবগত না থাকায় কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় পাশের মাঠে কাজ করতে যাওয়ার পথে আরশব আলী তাজউদ্দিনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content