প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৪:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ
নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম ও আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে রক্ষা করার লক্ষ্যেই জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, ‘সমাজে অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। আমি সেই পথে হাঁটতে চাইনি; বরং আল্লাহর বিধান অনুযায়ী হালাল পথকেই বেছে নিতে চেয়েছি।’
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমার এই সিদ্ধান্তে প্রথম আহলিয়ার (স্ত্রী) কষ্ট হচ্ছে—এটা ভাবলে আমার হৃদয় ভারাক্রান্ত হয়। আমি দীর্ঘ সময় ধরে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি যেন তার মন নরম হয়।’ তিনি আরও জানান, তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা ছিল না এবং তারা সুখেই ছিলেন; তবে বর্তমানে তারা একটি কঠিন পরীক্ষার সম্মুখীন।
ইসলামি শরিয়তের আলোকে একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায়বিচার বা সমতা বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেন তিনি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বলেন, ‘আল্লাহ যেন আমাকে ইনসাফ করার তাওফিক দান করেন, যাতে আমি কারও হক নষ্ট না করি কিংবা কারও প্রতি অবিচার না করি।’
পোস্টের শেষাংশে তিনি তার উভয় পরিবারের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাদের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দেন এবং বিষয়টি সহজভাবে গ্রহণ করার তাওফিক দান করেন।







