প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৫:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ
দেশে কখনো তেলের সংকট ছিল না এবং ভবিষ্যতেও হবে না—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “তেলের কোনো ঘাটতি কখনো ছিল না, এখনও নেই এবং ভবিষ্যতেও হবে না। কারণ আমরা পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় ক্রয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।”
এ সময় তিনি আরও জানান, বর্তমানে দেশে কোথাও লোডশেডিং নেই। কোথাও বিদ্যুৎ না থাকলে তা সরবরাহ লাইনের ত্রুটিজনিত কারণে ঘটে বলে উল্লেখ করেন তিনি।
গ্রামাঞ্চলেও লোডশেডিং নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “গ্রাম এলাকায় নিয়মিত লোডশেডিং হচ্ছে না। তবে পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত ও সমাধান করতে কিছুটা সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। ত্রুটি ঠিক হলে আবার বিদ্যুৎ স্বাভাবিক হয়ে যায়।”
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, “আজকের ডিসি সম্মেলনে আমরা দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি। কিছুদিন আগে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা সংশ্লিষ্টদের সহযোগিতায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছি।”
















