প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৬:০৫:২৭ প্রিন্ট সংস্করণ
বিয়ে ও সন্তান প্রসঙ্গে ভক্তদের কিছু অনভিপ্রেত প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরেন।

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, ‘ধরুন আপনি আমার সত্যিকারের একজন ভক্ত, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো উপভোগ করেছেন। হঠাৎ কোনো এক জায়গায়—ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে—আমাদের দেখা হয়ে গেল। কিন্তু কোনো ধরনের ভদ্রতা বা ভূমিকা ছাড়াই যদি কেউ সরাসরি প্রশ্ন করেন, “আপা, বিয়ে করছেন না কেন?”—তাহলে বিষয়টি খুবই অস্বস্তিকর ও বিব্রতকর হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘আপনারা কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না? জন্ম, মৃত্যু এবং বিয়ে—এই তিনটি বিষয় আল্লাহ নিজ হাতে নির্ধারণ করে রেখেছেন। তিনি ছাড়া ভবিষ্যতে কী ঘটবে, তা কেউ জানে না। আমার ভাগ্যে যদি বিয়ে লেখা থাকে, তাহলে আমি না চাইলেও তা হবে। আর যদি না থাকে, তবে জোর করে সেটি সম্ভব নয়।’

নিজের জীবনের নানা সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আল্লাহ নিশ্চয়ই আমার মঙ্গল চেয়েই অনেক কিছু আমার জন্য নির্ধারণ করেননি। আমার সংগ্রামের বাস্তবতা একমাত্র তিনিই জানেন। দুনিয়ার মানুষের কাছে আমাকে কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই; আমার হিসাব-নিকাশ শুধু সৃষ্টিকর্তার সঙ্গেই ঠিক থাকলেই যথেষ্ট।’
সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও কথা বলেন সাদিয়া জাহান প্রভা। তার ভাষ্য, ‘আপনাদের কাছে আমাদের জীবনযাপন হয়তো উগ্র মনে হতে পারে, কিন্তু দিনশেষে প্রতিটি মেয়েই একটি সুন্দর সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে আধুনিক কিংবা ক্যারিয়ার সচেতন—তারও অন্তরে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি ঘর, একটি রান্নাঘরের স্বপ্ন থাকে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘যারা বিষাক্ত সম্পর্ক বা ভেঙে যাওয়া সংসার থেকে ফিরে এসে নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন, তাদের মনেও গভীর কষ্ট থাকে। এ ধরনের প্রশ্ন করে কেন মানুষকে অযথা কষ্ট দেওয়া হয়? সন্তান তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া এক অনন্য নিয়ামত—যে চায় না, তার জীবনেও তা এসে যায়। তাহলে আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সংশয় কেন?’









