প্রতিনিধি ৭ মে ২০২৬ , ৯:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ
‘যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে নেওয়া সব ধরনের সুযোগ-সুবিধার জন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।’— এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় সরে দাঁড়ানোর আহ্বান জানান। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মুক্তিযুদ্ধের গৌরব রক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অতীতে অনেকে বেআইনিভাবে বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা অনৈতিক এবং আইনের পরিপন্থী।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ তালিকাভুক্ত হয়েছেন, তাদের চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে। তারা যেসব অবৈধ সুবিধা নিয়েছেন, সেগুলোর জন্যও তাদের জবাবদিহি করতে হবে।”
অমুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আজ আবারও আমাদের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের উপস্থিতিতে বলছি— যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তারা স্বেচ্ছায় তালিকা থেকে পদত্যাগ করুন। এতে শাস্তির মাত্রা কিছুটা কমতে পারে। কিন্তু সরকার যখন তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করবে, তখন প্রচলিত আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় মন্ত্রী আরও আশ্বস্ত করেন, দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করা হবে না।

















