অপরাধ

মিরপুর মডেল থানার ওসি প্রত্যাহার,ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর

  প্রতিনিধি ২ মে ২০২৬ , ৮:৪১:২২ প্রিন্ট সংস্করণ

মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৬ এপ্রিল তার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ ওঠে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার শনিবার (২ মে) রাতে জানান, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়নি।

গত ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামের এক নারী ওসি মোহাম্মদ গোলাম আজমের বিরুদ্ধে মার্কেট দখল উদ্ধার করে দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দাখিল করেন। অভিযোগ দায়েরের পাঁচ দিনের মাথায় তাকে মিরপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।

শনিবার রাতে সামসাদ আরা সাথী জানান, ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওসি গোলাম আজম থানার দুইজন এসআইকে দিয়ে আমার মার্কেটের দখল উদ্ধার করে দেওয়ার কথা বলে দুই দফায় পাঁচ লাখ টাকা ঘুষ নেন। কিন্তু এরপরও তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং দখলদাররা আমাকে মারধর করে। টাকা দেওয়ার পরও তিনি বিভিন্ন সময়ে আরও অর্থ দাবি করছিলেন। তাই বাধ্য হয়ে আমি ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেছি।’

ঘুষের অভিযোগের সঙ্গে ওসির প্রত্যাহারের সম্পর্ক আছে কি না জানতে চাইলে ডিসি মোস্তাক সরকার বলেন, অভিযোগের সঙ্গে এই পদক্ষেপের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content