রাজধানী

পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে “গোলাম আযম প্রথম বক্তব্য দেন : জামায়াত এমপি

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৬:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দাবি করেছেন, সাবেক পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম উচ্চকণ্ঠ ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের মুক্তির আন্দোলনেও জামায়াতের আর্থিক ও সাংগঠনিক অবদান ছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের বক্তব্যে শাহজাহান চৌধুরী অতীত ইতিহাসের আলোকে বর্তমান জামায়াতে ইসলামীকে মূল্যায়ন না করার আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে প্রাপ্ত ভোটই প্রমাণ করে যে দেশের জনগণ দলটিকে গ্রহণ করেছে। তার মতে, যখনই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই জামায়াতে ইসলামী তা পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেছে।

দলের রাজনৈতিক অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অধ্যাপক গোলাম আযম শুধু স্বাধিকারের পক্ষে অবস্থান নেননি, বরং শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে গঠিত ‘ডাইরেক্ট অ্যাকশন কমিটি’র সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি আরও দাবি করেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই সময় কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আবদুস সামাদ আজাদ দায়িত্বে ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, “আপনাদের দেওয়া কোনো তকমাই জনগণ গ্রহণ করেনি।” জামায়াতে ইসলামীকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা জনগণ নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে এবং দলটি যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারার মধ্যে পরিচালিত হয়, তার প্রমাণ মিলেছে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার কথা স্মরণ করেন। শাহজাহান চৌধুরীর ভাষ্যমতে, সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন।

রাষ্ট্রপতির সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র প্রসঙ্গে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তার মতে, এ ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্ত করে। জামায়াতের এই সংসদ সদস্যের দীর্ঘ বক্তব্যে দলটির অতীত ইতিহাস নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের রায়ের গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয়।

আরও খবর

Sponsered content