প্রতিনিধি ২ মে ২০২৬ , ৮:৫৮:১৮ প্রিন্ট সংস্করণ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক রাখতে বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে দেশের সব জেলা শাখা ও ইউনিটে এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন মহাসচিব মো. সাইফুল আলম।
সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেগুলো হলো—
১. দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনাসহ সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবে।
২. গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকরা আর্থিক চাপে পড়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। পাশাপাশি টায়ার-টিউবসহ অন্যান্য যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা থেকে বর্ধিত আয়কর হ্রাস এবং যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর দাবি জানানো হয়। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে দেশের সব বৈধ সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

















