নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ১ জুন ২০২৬ , ৭:৩১:২০ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু ব্যবহার করেছে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন। এই সময়ে দুটি সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত সময়ে পদ্মা সেতু দিয়ে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে সেতুটি থেকে টোল বাবদ আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে একই সময়ে যমুনা সেতু ব্যবহার করেছে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন। এই সেতু থেকে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মতে, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি থাকলেও কোথাও বড় ধরনের দুর্ঘটনা কিংবা দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগাম পরিকল্পনা, দক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত কার্যক্রমের কারণে এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল।

















