খেলা

সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও সাংবাদিকদের মনে রাখতে বললেন তামিম

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৫:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন লোকচক্ষুর আড়ালে, আর সাবেক টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় হয়েছেন গ্রেপ্তার। তবে এই তিনজনের মধ্যে আলোচনার কেন্দ্রে বেশি থাকেন সাকিবই। এ কারণে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও সমানভাবে বিবেচনায় রাখা উচিত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘গত এক-দুই বছর ধরে আমরা মূলত একজন নির্দিষ্ট ক্রিকেটার—সাকিবকে নিয়েই বেশি কথা বলছি। আমি অনুরোধ করবো, যখন এই ধরনের প্রশ্ন করা হয়, তখন আমাদের তিনজন সাবেক অধিনায়ক—মাশরাফি বিন মর্তুজা, নাইমুর রহমান দুর্জয় ও সাকিব আল হাসান—তারা সবাই প্রায় একই পরিস্থিতির মধ্যে রয়েছে। এখানে বসে শুধু একজনকে নিয়ে আলোচনা করা যথাযথ নয় বলে আমার মনে হয়।’

এ সময় সাকিব, মাশরাফিদের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিসিবির অবস্থানও পরিষ্কার করেন তামিম। তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি আমাদের বিবেচনায় আছে। ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো সুযোগ-সুবিধা দিতে আমরা প্রস্তুত এবং তাদের স্বাগত জানাতে আগ্রহী। আইনি কিছু বিষয় রয়েছে—এ বিষয়ে প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় থাকব। ক্রিকেট বোর্ড হিসেবে আমরা যেসব সহায়তা দিতে পারি, তা সবসময়ই দেওয়া হবে। তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করে ফিরে আসেন, আমরা তাদের স্বাগত জানাব।’

এছাড়া আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তামিম বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে কখনো ভাবিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। গঠনতন্ত্র যা অনুমোদন করবে, সেটাই আমি অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনাও আমার নেই। শুরু থেকেই বলে আসছি, আমি নির্বাচনে অংশগ্রহণ করব।’

আরও খবর

Sponsered content