জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রের, নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৩:৫৪:৫০ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাব। ছবি : জাতীয় সংসদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এই সংসদ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

রোববার (২৬ এপ্রিল) তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্পিকার উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকলেও দেশের যেকোনো সংকট মোকাবেলায় সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একসঙ্গে সমাধানের পথ খোঁজে—যা সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশের জন্য ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রতিনিধিত্বের অবস্থা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সম্পর্কেও মতবিনিময় হয়।

স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content