প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৬:৪৮:৩৯ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং প্রায় দুই বছর ধরে দেশে ফেরা হয়নি সাবেক এই টাইগার অধিনায়কের। তবে চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি আশাবাদী, বছরের শেষের মধ্যেই সবকিছুর একটা সমাধান হবে। আপাতত আমি ভালো কিছুর অপেক্ষায় আছি। একটি বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। এখন প্রশ্ন হলো, সেটা কত দ্রুত সম্ভব। তবে আমি বিশ্বাস করি, বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারব। ঠিক কীভাবে তা সম্ভব হবে, তা আমি জানি না, কিন্তু আমি আশাবাদী।’
জাতীয় দলের হয়ে আবার খেলার সম্ভাবনা নিয়েও আশাবাদী এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি যেকোনো সময় হঠাৎ পরিবর্তিত হতে পারে। আগামীকাল কী ঘটবে, তা কেউ বলতে পারে না। তাই আমি এখনো আশাবাদী আছি। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না; প্রতিদিন পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যখনই খেলার সুযোগ পাই, সেটাকে কাজে লাগাই। তবে জাতীয় দলে ফেরা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে নেই। তবুও একটি সমাধানের পথ খুঁজছি।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটি বড় ধরনের ক্ষতি। দেশের মানুষ তাদের দলকে বিশ্বকাপে দেখতে পছন্দ করে। বাংলাদেশ সেখানে নেই, এটা সত্যিই বড় মিস। এটি সংশ্লিষ্ট সরকারের একটি বড় ভুল ছিল।’

















