নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ১ জুন ২০২৬ , ৮:২৮:৪৬ প্রিন্ট সংস্করণ
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে বহুল আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ জুন) সংশ্লিষ্ট আদালত এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আদালতে আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা বাসা থেকে বের হয়। অভিযোগ রয়েছে, আসামি সোহেল রানা তাকে কৌশলে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজ করতে গিয়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান।
পরবর্তীতে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সহায়তায় কক্ষে প্রবেশ করলে সোহেল রানা ও স্বপ্না আক্তারের শয়নকক্ষে রামিসার মরদেহ দেখতে পান তারা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সময় ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন।
ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে আটক করে পুলিশ।
পরদিন ২০ মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে আদালতের নির্দেশে স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, এখন থেকে মামলাটির বিচারিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।













