সারাদেশ

টাঙ্গাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল তিন স্কুলছাত্রের।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৪ মে ২০২৬ , ৬:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্রের প্রাণহানি ঘটেছে। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের তাকবির মিয়া (১৫), লিমন (১৪) ও সায়মন (১৪)। তারা পরস্পরের বন্ধু ছিলেন এবং একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে করে বাসাইল উপজেলা সদরের দিকে রওনা দিয়েছিল। পথে বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে লিমন মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনেরও মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content