প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৮:১৬:২৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মসজিদের টয়লেট নির্মাণ ব্যয় ‘প্রায় দুই কোটি টাকা’ উল্লেখ করে টানানো নামফলককে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে টয়লেটটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হয়। কাজ শেষে টয়লেটের দেয়ালে স্থাপন করা নামফলকে ব্যয় উল্লেখ করা হয় ১,৯৯,৯৯৯,৯৩—যা দেখে অনেকেই ধরে নেন এর খরচ ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা। এমন অস্বাভাবিক অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কয়েকজন তরুণ বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
সরেজমিন অনুসন্ধান ও সংশ্লিষ্ট দফতরের তথ্যে জানা গেছে, প্রকল্পটির প্রকৃত ব্যয় ছিল প্রায় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা (১,৯৯,৯৯৯.৯৩)। নামফলক তৈরির সময় ভুলবশত দশমিকের পরিবর্তে কমা ব্যবহার করায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, নামফলকে এমন বড় অঙ্ক দেখে এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েন। কেউ কেউ এটিকে অনিয়মের ইঙ্গিত হিসেবে দেখলেও, আবার অনেকে যাচাই-বাছাই ছাড়া বিষয়টি প্রচার করায় সমালোচনা করেন।
এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, এটি সম্পূর্ণ প্রিন্টিংজনিত ত্রুটি। বিষয়টি জানার পরপরই নামফলক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

















