প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ১১:৩৫:১৯ প্রিন্ট সংস্করণ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ফিরেছেন বাবর আজম। কোয়ালিফায়ার ম্যাচে তার রেকর্ড গড়া সেঞ্চুরির ওপর ভর করে বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

করাচিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার। দলের ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন বাবর আজম। ৫৯ বলে ১০৩ রানের দারুণ ইনিংসে তিনি হাঁকান ১২টি চার ও ৪টি ছক্কা। শুরুতে দ্রুত রান তুলে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ হারিস। এরপর কুশল মেন্ডিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন বাবর। শেষ দিকে অ্যারন হার্ডির ঝোড়ো ব্যাটিং দলের স্কোরকে আরও বড় করে তোলে।
চলতি আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট সেঞ্চুরির সংখ্যা এখন ১৩।
২২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ভেঙে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫১ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ৭০ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় দলটিকে।
ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। অধিনায়ক শাদাব খান করেন ২৫ রান, ইমাদ ওয়াসিম যোগ করেন ২২ এবং ডেভন কনওয়ে করেন ২০ রান।
বাবরের অসাধারণ ইনিংস এবং পুরো দলের সম্মিলিত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছে শিরোপার আরও কাছাকাছি চলে গেল পেশোয়ার জালমি।

















