জাতীয়

সংসদে প্রতিমন্ত্রী’ আমি মোনাফেক বললাম না কাউকে,সুলতান সালাহউদ্দিন (টুকু)

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৮:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

সুলতান সালাহউদ্দিন (টুকু)। ছবি: সংগৃহীত

সংসদে কাউকে ‘মোনাফেক’ বলা যাবে কি না—এ বিষয়ে স্পিকারের কাছে জানতে চান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন (টুকু)। উত্তরে স্পিকার বলেন, ‘না, পারবেন না।’ এরপর সুলতান সালাহউদ্দিন বলেন, ‘আচ্ছা, আমি মোনাফেক বললাম না কাউকে।’

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সুলতান সালাহউদ্দিন ‘মোনাফেক’ শব্দ ব্যবহারের বিষয়ে স্পিকারের সঙ্গে এই কথোপকথন করেন। তিনি কাকে উদ্দেশ করে এই শব্দটি বলতে চেয়েছিলেন, তা সরাসরি উল্লেখ না করলেও পরবর্তী সময়ে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকেই ইঙ্গিত করেছিলেন।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে সুলতান সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ নিয়ে এই সংসদে আলোচনা হচ্ছে। আইন পাস হবে—আইন পাস করার জন্যই জনগণ আমাদের পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বলা যাবে? আইনের পক্ষে কথা বলুন, আইন নিয়ে আলোচনা করুন। তারা বেলাইনে চলতে চায়, এতে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। ওই সময় আমি কারাগারে ছিলাম। জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম পরওয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। বেশিরভাগ সময় আমি আমার বালিশটি তাকে শোয়ার জন্য দিতাম। পরে যখন বের হই, টেলিভিশনে দেখি শিবিরের সভাপতি বলছেন, তিনি নাকি ওই সময় বাজার করেছিলেন। আর ছাত্রদলের সভাপতি রাস্তায় আহত হয়েছেন। তাহলে জুলাই আন্দোলনে কার কী ভূমিকা ছিল?’

এ প্রসঙ্গে তিনি এটিকে আওয়ামী লীগের মতো আচরণ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘৭১ মনে হয় যেন শুধু আওয়ামী লীগই করেছে, আর কেউ যুদ্ধ করেনি। এখন তাদের ভেতরেও সেই একই প্রবণতা ঢুকে গেছে। তারা মনে করে জুলাই আন্দোলন শুধু তারাই করেছে, অন্য কেউ নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছে, তারাই এই সংসদে নির্বাচিত হয়েছেন।’

নির্বাচনের আগে গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান উল্লেখ করে সুলতান সালাহউদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছেন। আমরা প্রায় ৫২ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করি। কাজেই ৭০ শতাংশের মধ্যে ৫১ শতাংশ মানুষ আমাদের নেতার কথায় ভোট দিয়েছে—এ বিষয়টি মনে রাখতে হবে।’

বিরোধী দলের বক্তব্যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী মনোভাব প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘দুই মাসের সরকারকে এমনভাবে বলা হচ্ছে যেন এটি পাঁচ বছরের সরকার। আমরা এখনো শুরুই করিনি, তার আগেই নানা অভিযোগ। এই দুই মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী কী কাজ হয়েছে, সে বিষয়ে তারা একবারও কিছু বলেন না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যারা আমি-ডামি নির্বাচন করেছে, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের সঙ্গে বিএনপির তুলনা কেন করা হচ্ছে? এজন্যই আমি স্পিকার মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম, আমি কি কাউকে মোনাফেক বলতে পারব? যেহেতু আপনি না করেছেন, তাই আমি আর বলিনি।’

আরও খবর

Sponsered content