প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৫:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর এক গৃহবধূকে তেঁতুল গাছের মগডালে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নামিয়ে আনার চেষ্টা করলে তিনি পুকুরে ঝাঁপ দেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। পরদিন সকালে পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধারের উদ্যোগ নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই নারী কখনো গাছের ডালে বসে, আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি সেখানে বসেই তাকে কিছু খেতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পুকুরপাড়ে কৌতূহলী মানুষের ভিড় জমে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা চালায়। তবে এ সময় হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে ওই নারীকে বাড়ির পাশের একটি পুকুরের ধারে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায়। তবে পরিবারের সদস্যদের আপত্তির কারণে তারা শুরুতে সরাসরি উদ্ধার কার্যক্রম চালাতে পারেননি। পরে হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

















