সারাদেশ

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক ৫ ঘণ্টা অবরুদ্ধ

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৭:১৩:১০ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক হবিবর রহমানকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা এবং তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে এক শিশু শিক্ষার্থীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক হবিবর রহমানের বিরুদ্ধে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয় ঘেরাও করে তাকে ভেতরে আটকে রাখেন।

খবর পেয়ে বোদা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা ভুক্তভোগী পরিবারের বক্তব্য শোনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্ত শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে আটক করা হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ দেখা যায়। আত্মরক্ষার জন্য অভিযুক্ত শিক্ষক টেবিলের নিচে লুকিয়ে ছিলেন। পরে তাকে নিরাপদে উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এছাড়া স্থানীয়দের দাবির ভিত্তিতে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content