প্রতিনিধি ৪ মে ২০২৬ , ১১:২৯:০৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সত্রাসিয়া সমিতিঘর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত এক পুরুষকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পর ট্রাকচালক, তার সহকারী এবং অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। এ পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

















