প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ , ৩:৫৬:৫৯ প্রিন্ট সংস্করণ
জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়ার লক্ষ্যে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ‘গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। আমরা সবাই আলোচনা করে একমত হয়েছি, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে। বিরোধী দলকেও অনুরোধ করব তারা যেন পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করে। তাহলে এই ১০ জন সদস্য একসঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে তা সরকারের কাছে পৌঁছাবে। যদি তা বাস্তবসম্মত হয়, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।’
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য। আশা করি, জাতীয় সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা দ্রুতই পাঁচ সদস্যের নাম প্রদান করব।’

















