সারাদেশ

তেলবাহী গাড়ি জব্দ,পাম্পে তেল আসার আগেই পথে পাচার

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৫:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফিলিং স্টেশনে তেল পৌঁছানোর আগেই পথে পাচারের সময় তেলবাহী একটি গাড়ি হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোলাহাট উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামের একটি ইটভাটায় তেল পাচারের সময় তেলবাহী গাড়িসহ মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের ডেকে আনা ভোলাহাট উপজেলা ও পাশের উপজেলার একটি নসিমন (ভুটভুটি), ৪টি ট্রলি, ২টি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করে পুলিশ।

ভোলাহাট থানা কর্তৃক জব্দ করা একটি চার্জার ভ্যান ছাড়াতে আসা দলদলি উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এক খুচরা তেল ব্যবসায়ী মোসা. খতিজা বলেন, গত রাতে তিনি ভোলাহাট পাম্পের মালিক আব্দুল লতিবকে ২১ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। তেল নিতে আসা ভ্যানটি ছাড়ানোর জন্য তিনি থানায় এসেছেন।

ভোলাহাট থানায় জব্দ হওয়া একটি ট্রলির চালক সোহেল মোবাইল ফোনে জানান, গত রাত প্রায় ১২টার দিকে ভোলাহাট পাম্পের লোকজন তাকে ফোন করে তেল নিতে ডেকেছিল। তিনি হিরো ভাটায় গিয়েছিলেন, কিন্তু তেল পাওয়ার আগেই ভোলাহাট থানা পুলিশ তার ট্রলিটি নিয়ে যায়।

মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা)-এর মালিক পক্ষ জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তাদের ভাটার নাইট গার্ড ঘুমিয়ে ছিল এবং পুলিশ আসার পর তারা বিষয়টি জানতে পারেন বলে জানান ভাটা কর্তৃপক্ষ।

এ বিষয়ে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে তালা ঝুলছে এবং কোনো কর্মচারীও উপস্থিত নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, একটি তেলবাহী লরি (গাড়ি), পাচারের উদ্দেশ্যে আসা ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যানসহ কিছু ড্রাম ও জার জব্দ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় উপস্থিত না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content