বিশ্ব সংবাদ

হরমুজ প্রণালীতে”টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ , ৩:৩৫:০১ প্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব আয় করেছে ইরান—এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে জানান, ‘হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম অর্থ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।’

তবে কীভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কারা এটি পরিশোধ করেছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা ইরানের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটি বর্তমানে উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দিয়ে আসছে।

স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়েই হয়ে থাকে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এটি একটি প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে প্রণালিতে টোল আরোপের বিষয়টি নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনা চলছিল। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে এই জলপথে জাহাজ চলাচল আর আগের মতো স্বাভাবিক থাকবে না।

গত ৩০ মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্টের নিরাপত্তা কমিশন টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সংসদীয় ভোট অনুষ্ঠিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন। একই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩০টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content