প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ৮:১৭:০৮ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে মোজতবা খামেনি উল্লেখ করেন, “বিশ্বের সবচেয়ে বড় প্রচারণা ও আগ্রাসনের দুই মাস পার হওয়ার পর এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনার লজ্জাজনক ব্যর্থতার মধ্য দিয়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে এক নতুন যুগের সূচনা হয়েছে।” উল্লেখযোগ্য যে, ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে বিতাড়নের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।
একই দিনে দেওয়া আরেকটি পৃথক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যেকোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এসব সক্ষমতা ধ্বংস করার যে ইচ্ছা প্রকাশ করেছেন, তার বিপরীতে তেহরানের পক্ষ থেকে এটি একটি স্পষ্ট প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
মোজতবা খামেনি জোর দিয়ে বলেন, “ইরানের জনগণ দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই এই সামরিক সক্ষমতাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে রক্ষা করা হবে।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সামরিক ও কৌশলগত দিক থেকে নিজেদের অবস্থানে অনড় থাকার বার্তাই এ বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইরান।
















