প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১১:২৮:১৯ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের তারাকান্দা এলাকায় একই স্থানে বিএনপির দুই পক্ষের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (১০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত তারাকান্দা বাজার ও আশপাশ এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রশাসনের জারিকৃত আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে তারাকান্দা বাসস্ট্যান্ডসহ পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র—যেমন দা, হাঁসুয়া ও লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে বিকেল ৩টায় তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয় এক পক্ষ। এই কর্মসূচির পেছনে রয়েছেন ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল-এর অনুসারীরা। অন্যদিকে, একই সময় ও স্থানে বিক্ষোভের ডাক দেয় আরেকটি পক্ষ, যারা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার-এর সমর্থক।
দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দুপুর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

















